দুর্গাপুরে বেপরোয়া গতির বলি ২৩ বছরের যুবী, গুরুতর জখম অপর বাইক আরোহী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
উৎসবের আলোয় যখন চারদিকে আনন্দের আবহ, তখনই দুর্গাপুরের রাস্তায় নেমে এল শোকের ছায়া। লক্ষ্মীপুজোর রাতে বেপরোয়া গতির জন্য ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। কালভার্টের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে ছিটকে পড়ল বাইক। প্রাণ হারালেন ২৩ বছরের যুবক সম্রাট ব্যানার্জ্জী। গুরুতর জখম হলেন তাঁর সঙ্গে থাকা অপর বাইক আরোহী।
রবিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার চার্চের সামনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসি মোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল বাইকটি। অভিযোগ, অত্যন্ত গতিতে চলার সময় কালভার্টের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। এরপর সজোরে ধাক্কা লাগে লোহার রেলিংয়ে। ধাক্কার অভিঘাতে এক আরোহী ছিটকে পড়েন কালভার্টের নীচে।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে উদ্ধার করে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সম্রাটের। তিনি দুর্গাপুরের বেনাচিতির শ্রীনগর পল্লির বাসিন্দা। আহত আরোহীর চিকিৎসা চলছে।
উৎসবের রাত শেষ পর্যন্ত এক পরিবারের কাছে পরিণত হল আজীবনের কান্নায়। দুর্ঘটনাটি ফের মনে করিয়ে দিল, রাস্তায় সামান্য অসতর্কতাও কেড়ে নিতে পারে অমূল্য প্রাণ।
Comments
Post a Comment