পানাগড়ের রনডিহা মোড়ে আবর্জনার স্তূপে আগুন, এলাকায় চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জঞ্জালের স্তূপে হঠাৎ দাউদাউ আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল পানাগড়ের রনডিহা মোড় এলাকায়। আবর্জনার স্তূপে পুরনো গাড়ির স্ক্র্যাপ, কাঠ, প্লাস্টিক সহ বিপুল দাহ্য পদার্থ থাকায় দ্রুত ভয়াবহ আকার নেয় আগুন।
স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়সড় বিপদ এড়ানো সম্ভব হলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের অনুমান, পথচলতি কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেট ফেলে দেওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। জমে থাকা প্লাস্টিক, কাঠ ও অন্যান্য দাহ্য বস্তুর কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুরনো জাতীয় সড়কের দু’ধারে দীর্ঘদিন ধরে জমে রয়েছে আবর্জনার পাহাড়। তাঁদের আশঙ্কা, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে পাশের দোকানপাট ও বসতিতেও ছড়িয়ে পড়তে পারত আগুন। দ্রুত জঞ্জাল সরিয়ে প্রশাসনের কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
Comments
Post a Comment