সালানপুর - সপ্তমীর ভোরে মন্দিরের আড়ালে কেঁদে উঠল মানবতা


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     উৎসবের ঢাক, আলোর রোশনাই আর সপ্তমীর পবিত্র আবহের মাঝেই সালানপুরে ভেসে এল এক নবজাতকের হৃদয়বিদারক কান্না। দেন্দুয়ার রামডি কালীমন্দিরের পিছনে, নিথর মাটির ওপর একা পড়ে ছিল ঘণ্টা দুয়েকের সদ্যোজাত কন্যাশিশু। সদ্য কাটা নাড়ি ও মাতৃ-অঙ্গের অংশে জড়ানো সেই কাঁপতে থাকা শরীর যেন নীরবে প্রশ্ন তুলছিল- জন্ম কি তবে অপরাধ?

     ভোর সাড়ে পাঁচটা নাগাদ অচেনা নম্বর থেকে সালানপুর থানায় ফোন আসে। মন্দিরের পিছনের ঝোপে কান্নার শব্দ শুনে খবর দেন এক স্থানীয় ব্যক্তি। খবর পেয়ে ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডলের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় নারীদের সহায়তায় তাকে নিয়ে যাওয়া হয় পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে।

     ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তন্ময় মণ্ডলের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। চিকিৎসক ও নার্সদের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে সাড়া ফিরলেও ক্ষুধার কান্নায় কেঁপে উঠছিল হাসপাতাল। তখনই এগিয়ে আসেন ভর্তি থাকা এক অপরিচিতা মা। নিজের বুকের দুধ পান করিয়ে শান্ত করেন অনাথ শিশুটিকে।

     প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর দেওয়া হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও।

     যে সমাজের ভয়ে কোনো মা সন্তানকে ফেলে যায়, সেই সমাজেই আবার অচেনা মানুষ হয়ে ওঠেন আশ্রয়। সপ্তমীর ভোরে তাই মন্দিরের প্রদীপের চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল মানবতার আলো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে