অণ্ডাল - শিশুর খাবারে পোকা! সিদুলিতে পুষ্টির থালায় আতঙ্ক


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

  যে খাবারে মিশে থাকার কথা শিশুর বেড়ে ওঠার স্বপ্ন, সেই খাবারেই দেখা মিলল পোকামাকড়ের! অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকার ২৪০ নম্বর আইসিডিএস কেন্দ্রকে ঘিরে এমন অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্বেগে অভিভাবকরা। উঠছে শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের গুণমান নিয়ে গুরুতর প্রশ্ন।

     স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের শিশুদের জন্য বরাদ্দ চাল ও ডালে পোকা দেখতে পান কর্মীরা। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন পোকা ধরা পড়ায় কোনও শিশুকে খাবার দেওয়া হয়নি বলে দাবি করেছেন কেন্দ্রের সহকারী জ্যোৎস্না বাউরি।

     খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল জেলা বিজেপির মণ্ডল-৩ সভাপতি ইন্দ্র সেন। তাঁর অভিযোগ, শিশুদের খাবারে পোকা থাকার কারণ জানতে চাওয়া হলে কেন্দ্রের সহকারীর কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি।

     জ্যোৎস্না বাউরির দাবি, কেন্দ্রের দিদিমণি প্রায়ই অনুপস্থিত থাকেন এবং তাঁদেরই অতিরিক্ত কাজ সামলাতে হয়। সরবরাহ করা চাল-ডালের মান নিয়েও তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য নেই বলে জানান তিনি।

    ইন্দ্র সেন জানান, ভিডিও সহ বিষয়টি ঊর্ধ্বতন আইসিডিএস আধিকারিকদের জানানো হবে। কীভাবে পোকাযুক্ত খাদ্য শিশুদের জন্য পৌঁছল, তা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার দাবিও জানান তিনি।

     অভিযোগের বিষয়ে কেন্দ্রের দিদিমণির বক্তব্য মেলেনি। প্রশাসনের প্রতিক্রিয়াও এখনও জানা যায়নি। এখন অপেক্ষা তদন্তের- শিশুদের পুষ্টির থালায় এমন অনিয়মের জবাব মিলবে কবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে