কয়লার কালো কারবারে ফের ইডির কোপ, ১৩৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
কয়লার কালো ধোঁয়ায় ঢাকা এক দীর্ঘ তদন্তের পর ফের বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। পশ্চিমবঙ্গের বহুচর্চিত অবৈধ কয়লা খনন ও পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে ‘লালা’ এবং তাঁর কথিত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত সম্পত্তির বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) ২০০২-এর অধীনে ১৩৬.৪৪ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। এর ফলে এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮১৫.০৮ কোটি টাকা।
ইডির দাবি, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) লিজ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা উত্তোলন ও চুরির অভিযোগ রয়েছে। সেই কয়লা বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্রির মাধ্যমে বিপুল অর্থের লেনদেন হয়েছে বলেও তদন্তকারীদের অভিযোগ। ওই অর্থের উৎস আড়াল করতে একাধিক সংস্থা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ সামনে এসেছে।
সাম্প্রতিক পদক্ষেপে পুরুলিয়ার গড় পাঞ্চকোট ইকো ট্যুরিজম এবং বাঁকুড়ার বিহারীনাথ ইকো ট্যুরিজম সহ কলকাতার দুটি সম্পত্তি, বিভিন্ন শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে এই মামলায় ৬৭৮.৬৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ করেছিল ইডি। নতুন সম্পত্তি যুক্ত হওয়ায় সেই অঙ্ক ছাড়াল ৮১৫ কোটি।
তদন্তের পরিধি যত বাড়ছে, ততই সামনে আসছে আর্থিক লেনদেনের জটিল জাল। অবৈধ কয়লা কারবারের অর্থের প্রকৃত সুবিধাভোগী কারা, সেই অর্থ কোন পথে ঘুরেছে এবং আরও কোনও ব্যক্তি বা সংস্থার যোগ রয়েছে কি না- এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
Comments
Post a Comment