মন্দিরে মন্দিরে চুরির অভিযোগে গ্রেফতার দুই , স্বস্তি এলাকায়
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মন্দিরের পবিত্রতা আর ভক্তির আবহেও থাবা বসিয়েছিল চুরির দুঃসাহস। অন্ডাল, লাউদোহা ও পাণ্ডবেশ্বরের বিভিন্ন মন্দির থেকে একের পর এক পূজার সামগ্রী চুরির ঘটনায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল এলাকাবাসীর মনে। অবশেষে ফরিদপুর থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হল মূল অভিযুক্ত এবং চুরি যাওয়া সামগ্রী কেনার অভিযোগে এক ব্যবসায়ী। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে বৈদ্যনাথপুর এলাকা থেকে দুর্গাপুরের আমরাই গ্রামের বাসিন্দা শেখ নবীনকে আটক করা হয়। বর্তমানে ফরিদপুর ব্লকের রাঙ্গামাটি এলাকায় থাকত বলে জানা গিয়েছে। পরে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে চুরি করা সামগ্রী বিক্রির সূত্র ধরে লাউদোহা মোড়ের ব্যবসায়ী শেখ আনোয়ারের নাম উঠে আসে। ওই ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ।
মন্দিরের পূজার সামগ্রী চুরির ঘটনায় ভক্তদের বিশ্বাসে যে আঘাত লেগেছিল, এই গ্রেফতারিতে তাৎক্ষণিক স্বস্তি ফিরেছে এলাকায়। তবে বাসিন্দাদের প্রত্যাশা, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া নজরদারি গড়ে উঠুক, যাতে পবিত্র উপাসনাস্থল আর দুষ্কৃতীদের নিশানা না হয়।
Comments
Post a Comment