জঙ্গলমহলে প্রথম বইমেলা, পাতায় পাতায় নতুনের স্বপ্ন


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      জঙ্গলমহলের মাটিতে এবার খুলতে চলেছে বইয়ের নতুন জানালা। বইয়ের পাতায় নতুনের সন্ধান, সাহিত্যের আঙিনায় মনীষীদের ভাবনা আর সংস্কৃতির সুরে মিলেমিশে একাকার হবে মানুষের মন। সেই স্বপ্নকে সামনে রেখেই কাঁকসার আড়া শিবতলা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্যোগে রাঢ়েশ্বর শিব মন্দিরে আয়োজিত হতে চলেছে প্রথম বইমেলা ও সাহিত্য উৎসব। আগামী ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা।

       মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে আলোচনা সভা। সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিকরা। তাঁদের কথায়, ভাবনায় ও আলোচনায় পাঠকের সামনে খুলে যাবে সাহিত্যের নানা দিগন্ত। পাশাপাশি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজের উপস্থিতিতে শোনা যাবে ধর্মীয় ও আধ্যাত্মিক বাণী। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

     বইমেলা কমিটির আহ্বায়ক অশোক চট্টরাজ জানান, মেলায় থাকবে মোট ৪০টি বইয়ের স্টল। কলকাতার নামী প্রকাশনা সংস্থাগুলিও তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হবে। ফলে প্রত্যন্ত এলাকার পাঠকদের হাতের নাগালেই পৌঁছবে নানা স্বাদের বই।

     এই বইমেলা শুধু বই কেনাবেচার আসর নয়- এ যেন মাটির সঙ্গে মনের, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এবং পাঠকের সঙ্গে সাহিত্যের এক সেতুবন্ধন। অন্ধকারের দিনে বইয়ের আলোয় নতুন প্রজন্মের স্বপ্ন জেগে উঠুক- এই প্রত্যাশাতেই অপেক্ষা জঙ্গলমহলের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে