রূপনারায়ণপুর - নিঃশব্দ কারখানার জমিতে নতুন শিল্পের স্বপ্ন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      দুর্গাপুজোর আবহে দীর্ঘদিনের শিল্প অচলাবস্থার বুক চিরে যেন নতুন আশার আলো। একসময় কর্মচাঞ্চল্যে মুখর রূপনারায়ণপুরের বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার জমিতে ফের শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখল কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার দিল্লি থেকে সরাসরি রূপনারায়ণপুরে পৌঁছন ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিইও ও এমডি তথা NICDC লজিস্টিকস ডাটা সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান রজত কুমার সাইনি।

      তাঁর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের বাণিজ্য ও শিল্প দপ্তরের ডেপুটি সেক্রেটারি পুষ্পেন চট্টোপাধ্যায় সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক আধিকারিক। প্রথমে হিন্দুস্তান কেবলসের আধিকারিক আর. এন. ওঝার চেম্বারে বৈঠকে জমির নথি ও সীমানা খতিয়ে দেখা হয়। পরে লোয়ার কেশিয়া পেরিয়ে অজয় নদ সংলগ্ন জিতপুরের বিস্তীর্ণ জমি সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।

      প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কারখানার মোট ১০৪৭ একর জমির মধ্যে প্রায় ৬৫০ একর একলপ্তে ফাঁকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জলাশয় ও আবহাওয়ার মতো বিষয়গুলিও নতুন শিল্পের পক্ষে অনুকূল বলে প্রাথমিকভাবে মনে করছেন আধিকারিকেরা। কোন ধরনের মাঝারি বা ভারী শিল্প এখানে উপযোগী হতে পারে, তা নিয়েও তথ্য সংগ্রহ করা হয়েছে।

     পরিদর্শনের রিপোর্ট কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকে জমা পড়ার কথা। ফলে বন্ধ কারখানার নীরব প্রাঙ্গণে ফের কর্মসংস্থানের শব্দ শোনা যাবে কি না- সেই আশাতেই তাকিয়ে রূপনারায়ণপুর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়