হাতে সংবিধান - দুর্গাপুরের রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
হাতে সংবিধানের কপি, মুখে প্রতিবাদের স্লোগান- দুর্গাপুরের রাজপথে বৃহস্পতিবার যেন প্রশ্নের মুখোমুখি দাঁড়াল দেশের নির্বাচন ব্যবস্থা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিটি সেন্টার চত্বরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। হাতে সংবিধান নিয়ে মিছিলে পা মেলান দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও ছড়ায়।
কংগ্রেসের অভিযোগ, দেশের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন ব্যবস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ ও গ্রেফতারের অভিযোগেরও প্রতিবাদ জানান নেতৃত্ব।
এদিন মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন কংগ্রেস কর্মীরা। এআইসিসি সদস্য দেবেশ চক্রবর্তীর অভিযোগ, যোগ্য ভোটারদের নাম বাদ পড়ায় অনেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর দাবি, “এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।”
কংগ্রেসের বক্তব্য, গণতন্ত্রের প্রাণ মানুষের ভোটাধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার। সেই অধিকার রক্ষার দাবিতেই দুর্গাপুরের রাজপথে তাঁদের এই আন্দোলন।
Comments
Post a Comment