ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমানায় পুলিশের কড়া নজর, থমকালো অবৈধ যাতায়াতের পথ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সীমানা পেরোনোর পথে এখন আর অবাধ গতি নয়, প্রতিটি চাকার শব্দেই পুলিশের সতর্ক নজর। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশকারী প্রতিটি গাড়িকে থামিয়ে চলছে বিশেষ নাকা চেকিং।
নিরসা মহকুমা এলাকায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। একে একে পরীক্ষা করা হচ্ছে গাড়ির কাগজপত্র থেকে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র। কোনও নথিতে ভুল, অসঙ্গতি কিংবা ভুয়ো তথ্য মিললেই নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। জরিমানার পাশাপাশি প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট বিভাগের হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ি।
নিরসার এসডিপিও লিলোশ্বর মাহাতো জানান, উচ্চপদস্থ আধিকারিক ও জেলা প্রশাসনের নির্দেশেই সীমান্তে এই বিশেষ নাকা চেকিং শুরু হয়েছে। নথিপত্রে কোনও অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনেও এই অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
Comments
Post a Comment