দত্তপুকুরের ‘মানবিক’-এর উদ্যোগে- শিশুর হাতে পুজোর উপহার, উৎসবের আনন্দ ভাগ করে নিল স্বেচ্ছাসেবী সংস্থা


নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     পুজোর আনন্দ কি শুধু আলোর মালা, ঢাকের বাদ্যি আর নতুন পোশাকের উচ্ছ্বাসে? নাকি সেই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা ছুঁয়ে যায় কোনও অসহায় শিশুর মুখের হাসি? পুজোর আনন্দ যখন নতুন পোশাকের রঙে রঙিন, তখন সেই আনন্দই আরও অর্থবহ হয়ে উঠল অসহায় শিশুদের মুখের হাসিতে। এই বিশ্বাসকেই সঙ্গী করে এবারও উৎসবের দিনগুলিতে মানবিকতার হাত বাড়িয়ে দিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবিক’।

       ‘মানবিক’ -এর উদ্যোগে এবারও পুজোর উপহার পৌঁছে গেল সমাজের প্রান্তিক শিশুদের হাতে। দীর্ঘ প্রস্তুতি ও বহু মানুষের সহযোগিতায় তিনটি পর্যায়ে প্রায় দুই শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক ও অন্যান্য উপহার।

      আয়োজনের দ্বিতীয় পর্যায়ে ‘মানবিক পাঠশালা’র শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। নতুন জামাকাপড় পাওয়ার আনন্দে সকাল থেকেই মুখর ছিল পাঠশালা। 

      অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণায়ণ সংস্থার শ্রীমতী পূরবী দাস। তাঁকে সম্মান জানিয়ে তুলে দেওয়া হয় একটি গাছের চারা। উপহারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রকৃতি রক্ষার বার্তাও দেওয়া হয়।

      পাঠশালার ছাত্রীদের নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় উৎসবের আবহ। পরে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুজোর উপহার। তাঁদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থাও।

      তৃতীয় পর্যায়ে দল পৌঁছয় ঈশ্বরীগাছা, নটনিতে। ‘মিলয়ীনি’ সংস্থার সহযোগিতায় সেখানকার শিশুদের হাতেও পৌঁছে দেওয়া হয় পুজোর উপহার ও খাদ্যসামগ্রী।

    'মানবিক'-এর অন্যতম সদস্য অদিতি প্রকৃতিকন্যা গায়েন বললেন - দিনভর এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলা, শিশুদের সঙ্গে সময় কাটানো আর তাদের হাসিমুখ দেখার মধ্যেই যেন খুঁজে পাওয়া গেল পুজোর আসল আনন্দ। তাঁর কথায়, সামর্থ্য সীমিত হলেও কারও মুখে একটুখানি হাসি ফোটানোর চেষ্টা কখনও ছোট নয়।

     ‘মানবিক পুজোর উপহার ২০২৬’ তাই শুধু উপহার বিতরণের আয়োজন নয়- এ যেন উৎসবের আনন্দকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এক নীরব অঙ্গীকার। আগামী দিনেও শিশু, মানুষ, প্রকৃতি ও বন্যপ্রাণের পাশে থাকার প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চায় সংস্থাটি।

     একটি নতুন জামা হয়তো সামান্য উপহার। কিন্তু একটি শিশুর মুখে ফুটে ওঠা হাসি- সেটিই হয়ে উঠতে পারে পুজোর সবচেয়ে বড় প্রাপ্তি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে