বিসর্জনের পরও দায়িত্ব: ঘাটে ফিরছে স্বচ্ছতার আলো
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বিসর্জনের ঢাকে থেমেছে উৎসবের সুর, নদী-পুকুরের জলে মিশেছে বিদায়ের আবেগ। কিন্তু উৎসব শেষ মানেই দায়িত্বের শেষ নয়- প্রমাণ করল আসানসোলের পুর ও নগর উন্নয়ন দফতরের উদ্যোগ।
দুর্গাপুজোর আগে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিবেশবান্ধব পুজোর আহ্বান জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল - পুজো উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনেরও দায়িত্ব রয়েছে জলাশয়কে দূষণমুক্ত রাখার। সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা গেল বিসর্জনের পরেই। প্রতিমা নিরঞ্জনের কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন জলাশয় থেকে তুলে নেওয়া হচ্ছে প্রতিমার কাঠামো।
দেবীর বিদায়ের পর এবার ঘাট ফেরানোর পালা। রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছে পুকুর ও নদীঘাট পরিষ্কারের কাজ। কুলটি বিধানসভা এলাকাতেও চলছে জোরদার সাফাই অভিযান।
বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের নির্দেশে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ঘাটে কাজে নেমেছেন পুরকর্মীরা। নিয়ামতপুর সরকার পুকুর ঘাটে ফুল, বেলপাতা, পুজোর আবর্জনা ও কাঠামোর অংশ সরিয়ে দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে স্বচ্ছতা।
উৎসবের শেষে এই পরিচ্ছন্নতার উদ্যোগ যেন বলে- দেবী বিদায় নেন, কিন্তু তাঁর দেওয়া প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা থেকে যায়।
Comments
Post a Comment