জাতীয় সড়কে গুলিকাণ্ডে সাফল্য, চিত্তরঞ্জন থেকে গ্রেপ্তার অভিযুক্ত

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     জাতীয় সড়কের অন্ধকারে গুলির শব্দে কেঁপে উঠেছিল রাত। আসানসোলে নাইট ডিউটিতে যাওয়ার পথে হরিদাস লায়েককে (৪৩) গুলি করার ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল সালানপুর থানার পুলিশ। চিত্তরঞ্জন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত অজয় রামকে। ধৃতকে আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

       গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে জাতীয় সড়ক ১৯-এর ডিপিএস স্কুলের কাছে গুলিবিদ্ধ হন ধানগুড়ির বাসিন্দা হরিদাস। তিনি আসানসোলের শ্রী হরি গ্লোবাল স্কুলে নাইট ডিউটিতে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ অবস্থাতেও মোবাইলে অভিযুক্তদের ছবি তোলার চেষ্টা করেন তিনি। তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।

      পুলিশ সূত্রের দাবি, ওভারটেককে কেন্দ্র করে বচসার জেরে গুলি চলে। তবে হরিদাসের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, কোনও বচসা হয়নি। ত্রিশূল হোটেল পেরোতেই পিছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে যাওয়ার পর উঠতেই এক ব্যক্তি গুলি চালায়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি তাঁর পায়ে লাগে। তিনি মোবাইল বের করতেই অভিযুক্তরা পালিয়ে যায়।

        পুলিশের দাবি, অজয় রামের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও অন্য অভিযুক্তদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে