আসানসোলের নিমচায় মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই ছড়িয়ে পড়ল আতঙ্ক। নিমচা ফাঁড়ি এলাকার জেকে নগর কোলিয়ারি সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার নিথর দেহ। সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও শোক। প্রাথমিকভাবে মহিলাকে নির্যাতন করে খুন করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের একাংশের সন্দেহ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

           খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল-২ বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর পার্থ ঘোষ এবং নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা সহ পুলিশের তদন্তকারী আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত।

      স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন স্বামীর থেকে বিচ্ছিন্ন ছিলেন। সন্তানরা বাইরে থাকায় তিনি একাই বালকো কোম্পানির আবাসনে বসবাস করতেন। পুলিশের প্রাথমিক তল্লাশিতে বাড়ির বাইরে থেকেই ঘরের সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ঘরের ভিতরে বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল মহিলার দেহ।

      একাকী জীবনের নিঃশব্দ ঘরে কী ঘটেছিল সেই রাতে? কে বা কারা সেখানে এসেছিল? নিছক অস্বাভাবিক মৃত্যু, নাকি তার আড়ালে রয়েছে অপরাধের ভয়ঙ্কর ছায়া- উঠছে একের পর এক প্রশ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে বিশেষ দল তদন্ত শুরু করেছে। 

       দেহের ময়নাতদন্ত, ঘটনাস্থলের তথ্য ও অন্যান্য সূত্র খতিয়ে দেখছে পুলিশ। এখন অপেক্ষা, অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্য কত দ্রুত প্রকাশ্যে আসে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে