অন্ডাল পঞ্চায়েত সমিতিতে কৃষি কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে উত্তেজনা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

    ভোটের ঘর তৈরি, কিন্তু দরজার বাইরেই থমকে গেল গণতান্ত্রিক প্রক্রিয়া- অন্ডাল পঞ্চায়েত সমিতিতে কৃষি কর্মাধ্যক্ষের শূন্য পদে নির্বাচন ঘিরে মঙ্গলবার ছড়াল উত্তেজনা। অন্ডাল বিডিও অফিস চত্বরে উঠল সদস্যদের ঢুকতে না দেওয়া এবং পক্ষপাতিত্বের অভিযোগ।

     কৃষি কর্মাধ্যক্ষ হারাধন ধীবরের মৃত্যুর পর প্রায় এক মাস ধরে পদটি শূন্য ছিল। সেই পদ পূরণ করতেই এদিন ভোটাভুটির আয়োজন করা হয়। ২৩ সদস্যের পঞ্চায়েত সমিতিতে হারাধনবাবুর মৃত্যুর পর কার্যত সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২২। তাঁদের মধ্যে ২১ জন তৃণমূলের এবং একজন বিজেপির- দীনেশ লাল।

      তবে ভোটের দিনই দেখা দেয় বিতর্ক। খান্দরা পঞ্চায়েতের সমিতি সদস্য মঞ্জু ভট্টাচার্যের অভিযোগ, ভোটে অংশ নিতে বিডিও অফিসে পৌঁছলেও তাঁকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, আরও কয়েকজন সদস্যকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে ভোটের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

       অন্যদিকে, বিডিও অফিস চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ঘিরেও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বা বিডিও দপ্তরের তরফে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

     কে ঢুকলেন, কে ফিরলেন, আর কেনই বা এমন পরিস্থিতি- সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়