দু’মাস জলহীন, বিদ্যুৎহীন জনজীবন! ক্ষোভে ফুঁসছে খান্দরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দু’মাস ধরে পানীয় জলের অপেক্ষা, তার উপর বিদ্যুতের অনিশ্চয়তা- অভাব আর দুর্ভোগের অন্ধকারে দিন কাটাচ্ছেন অন্ডালের খান্দরা নাগ কাজরা কোলিয়ারি এলাকার বাসিন্দারা। নিত্যদিনের এই যন্ত্রণায় জমে থাকা ক্ষোভ অবশেষে আছড়ে পড়ল আন্দোলনের ময়দানে।
সোমবার পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা এবং বিদ্যুৎ সংযোগ চালুর দাবিতে কোলিয়ারি চত্বরে বিক্ষোভে শামিল হন শতাধিক মহিলা ও পুরুষ। কোলিয়ারির ম্যানেজারকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বাসিন্দাদের প্রশ্ন, জীবনধারণের ন্যূনতম পরিষেবাটুকু পেতেও কেন বারবার আন্দোলনের পথে হাঁটতে হবে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগ কাজরা কোলিয়ারি বন্ধ থাকায় জল সরবরাহ ব্যাহত হয়ে থাকতে পারে। তবে সঙ্কটের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
বাসিন্দাদের ভঅভিযোগ, দীর্ঘদিন জল না পেলেও বারবার আবেদন-নিবেদনে সমস্যার সমাধান হয়নি। তাঁদের দাবি, আন্দোলনের পর রবিবার রাতে বিদ্যুৎ ফিরলেও সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন কোনও ইসিএল আধিকারিক তাঁদের সঙ্গে কথা বলতে আসেননি।
এলাকাবাসীর ক্ষোভ, আশ্বাস নয়, চাই স্থায়ী সমাধান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ইসিএল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
Comments
Post a Comment