গুলি-কাণ্ডে আরও এক অভিযুক্ত গ্রেফতার, ৫ দিনের পুলিশি হেফাজত
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
১৯ নং জাতীয় সড়ক ধরে নাইট ডিউটিতে যাওয়ার পথে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির যৌথ তদন্তকারী দল। ধৃতের নাম সতীশ মাহাতো ওরফে বিট্টু। তার বাড়ি রূপনারায়ণপুরের ওয়েস্ট রাঙামাটিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে আসানসোলে কর্মস্থলে যাওয়ার পথে হরিদাস লায়েক (৪৩)-কে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর আগে এই মামলায় অজয় রাম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
ঘটনার রহস্য উন্মোচনে তদন্তে নামে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির বিশেষ দল। তদন্তের সূত্র ধরেই শনিবার রাতে গ্রেফতার করা হয় সতীশকে। রবিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রের দাবি, ধৃতের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। তবে এই হামলার নেপথ্যে আর কারা জড়িত, কী ছিল হামলার উদ্দেশ্য- তা এখনও স্পষ্ট নয়।
Comments
Post a Comment