দেবীপক্ষের ভোরে রানীগঞ্জের পথে শৃঙ্খলার পদধ্বনি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আকাশে-বাতাসে যখন মাতৃবন্দনার সুর, তখনই মহালয়ার সকালে রানীগঞ্জের রাজপথে শোনা গেল শৃঙ্খলাবদ্ধ পদচারণার ছন্দ। সৌভ্রাতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক সংহতির বার্তা নিয়ে পথে নামল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
শনিবার সকালে রানীগঞ্জের বল্লভপুর হাটতলা থেকে শুরু হয় সংঘের বিশেষ প্যারেড ও পথসঞ্চলন। খাকি প্যান্ট, সাদা শার্ট ও মাথায় কালো টুপি পরে কেউ মোটরবাইকে, কেউ পায়ে হেঁটে পরিক্রমা করেন বল্লভপুর গ্রামের বিভিন্ন এলাকা। এক ছন্দে এগিয়ে চলা স্বয়ংসেবকদের মিছিলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
রানীগঞ্জ শাখার কার্যবাহী সদস্য রঞ্জিত দাস জানান, দেশপ্রেম, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ এবং হিন্দু সমাজের সংঘবদ্ধতা গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শারীরিক অনুশীলন, বৌদ্ধিক চর্চা ও অনুশাসন- সংঘের এই তিনটি মূল স্তম্ভ সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি।
শুধু রানীগঞ্জ নয়, আসানসোল, কুলটি সহ শিল্পাঞ্চলের বিভিন্ন শাখাতেও এদিন পথসঞ্চলন ও শাখা মিলন কর্মসূচি পালিত হয়। সংঘের বিজয়া দশমী উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই দেশজুড়ে এমন কর্মসূচির আয়োজন করা হয়।
Comments
Post a Comment