সচেতনতার বার্তা নিয়ে আসানসোলে রণপা র্যালি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পরিচ্ছন্ন পরিবেশে ডেঙ্গুমুক্ত শহরের স্বপ্ন সুস্থ মনে সুন্দর জীবনের অঙ্গীকার- এই দুই বার্তা নিয়ে সোমবার পথে নামল পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে আসানসোলের বিএনআর মোড় থেকে পোলো গ্রাউন্ড পর্যন্ত আয়োজন করা হয় স্কিলড ও রণপা র্যালি। অভিনব এই উদ্যোগে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান জানান, বর্ষা শেষ হলেও বিভিন্ন এলাকায় জমে রয়েছে জল। আর সেই জমা জলই মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই ডেঙ্গুর বিপদ এড়াতে এখন থেকেই সতর্কতা জরুরি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও জল জমতে না দেওয়া এবং নিয়মিত পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন পুরসভার, তেমনই প্রত্যেক নাগরিকেরও।
এদিনের কর্মসূচিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মানসিক সুস্থতার গুরুত্বও তুলে ধরা হয়। কারণ, সুস্থ জীবন মানে শুধু রোগমুক্ত শরীর নয়, প্রশান্ত মনও। মানসিক সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়।
Comments
Post a Comment