১৯ নম্বর জাতীয় সড়কে বাসের পিছনে আরটিকার ধাক্কা, মৃত ২
অন্ডাল মোড়ে থেমে গেল জীবন!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রবিবারের সকালটা ছিল অন্য দিনের মতোই। ব্যস্ত ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটছিল গাড়ি। কিন্তু অন্ডাল মোড়ের কাছে আচমকাই সেই চেনা পথ পরিণত হল মৃত্যুর মঞ্চে। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম আরও পাঁচজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে বরাকরের দিকে যাচ্ছিল একটি বাস। অন্ডাল মোড়ের কাছে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে একটি আরটিকা গাড়ি। সংঘর্ষের অভিঘাতে চারচাকা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দ্রুত শুরু হয় তৎপরতা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে ছিলেন মোট সাতজন। ঘটনাস্থল থেকেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা যাত্রীরা কীর্তন গানের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মৃত ও আহতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি।
Comments
Post a Comment