উৎসবের আলোয় নিরাপত্তার বার্তা, বাঁশকোপা টোল প্লাজায় অভিনব উদ্যোগ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শারদোৎসব মানেই আনন্দের জোয়ার, ঢাকের বাদ্য আর আলোর রোশনাই। উৎসবের সেই আনন্দ যেন কোনও দুর্ঘটনায় বিষাদে পরিণত না হয়, সেই বার্তাই এবার ছড়িয়ে দিল কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা কর্তৃপক্ষ। ‘নিজেকে সুরক্ষিত রেখে উৎসবে মেতে উঠুন’- এই আহ্বানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে আয়োজন করা হল এক বর্ণাঢ্য পথনিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি।
দেবী দুর্গার ছবিকে সামনে রেখে সাজিয়ে তোলা হয় টোল প্লাজা চত্বর। ঢাকিদের ঢাকের বোল, স্থানীয় মহিলাদের শঙ্খধ্বনি, মহালয়ার সুরে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। রঙিন আলোর রোশনাইয়ে সেজে ওঠা টোল প্লাজা দিয়ে যাতায়াতকারী মানুষও অনুভব করেন শারদীয়ার আগমনী বার্তা। টোল প্লাজার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় এই বিশেষ উদ্যোগ।
টোল প্লাজার আধিকারিক সঞ্জয় সুন্দর ঘটক জানান, দুর্গাপুজোয় দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে বহু মানুষ বিভিন্ন যানবাহনে জাতীয় সড়ক ধরে যাতায়াত করেন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়মিত টহলদারির পাশাপাশি দুর্ঘটনার মোকাবিলায় অ্যাম্বুলেন্স ও ক্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
উৎসবের মরসুমে সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই চালক ও যাত্রীদের সতর্কভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয়।
আলোয় সাজানো টোল প্লাজায় তাই শুধু উৎসবের রং নয়, প্রতিধ্বনিত হল দায়িত্ববোধের সুরও। কারণ পুজোর আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন প্রিয়জনের হাত ধরে নিরাপদে বাড়ি ফেরা যায়। আনন্দের পথে সতর্কতাই হোক সবচেয়ে বড় সঙ্গী- এই বার্তাই পৌঁছে দিল বাঁশকোপা টোল প্লাজা কর্তৃপক্ষ।
Comments
Post a Comment