তন্ত্রের ছায়ায় রক্তের রাত! স্ত্রী-বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

     দামোদরের বুকে তখন নেমেছে রাতের নিস্তব্ধতা। সেই নীরবতার আড়ালেই ‘লাল বাবা মানাচর’-এ ঘটে গেল এমন এক ঘটনা, যার অভিঘাতে কেঁপে উঠেছে কাঁকসা-বাঁকুড়া সীমান্তের জনপদ। অন্ধবিশ্বাসের অন্ধকারে নিজের স্ত্রী ও বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মঙ্গল চৌধুরীকে।

     পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূ রুম্পা চৌধুরীর বয়স ৩৯ বছর। মৃত রাজেন্দ্র চৌধুরীর বয়স ৬০ বছরের বেশি। অভিযোগ, প্রথমে স্ত্রী রুম্পাকে এবং পরে নিজের বাবা রাজেন্দ্রকে খুন করেন মঙ্গল।

      স্থানীয়দের দাবি, মঙ্গল ও তাঁর স্ত্রী নিয়মিত একটি মন্দিরে পুজো করতেন। তাঁদের বাড়িতে এক তান্ত্রিকের যাতায়াত ছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, ওই তান্ত্রিকের প্ররোচনা এবং অন্ধবিশ্বাস থেকেই এই ভয়াবহ হত্যাকাণ্ড। 

    এমনকি, হত্যার পর রুম্পার কাটা মুণ্ডু মন্দিরের উপরে রাখা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এই দাবির সত্যতা এবং তান্ত্রিকের ভূমিকা এখনও তদন্তাধীন।

    খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় দু’টি দেহ।

     অন্ধবিশ্বাস কি তবে মানুষকে এতটাই অন্ধ করে দিতে পারে? নাকি এই রক্তাক্ত ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য? উত্তর খুঁজছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা সত্যের।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে