পুকুরের জলে বিষের ছায়া! মরছে হাঁস, ভেসে উঠছে মরা মাছ
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
যে জল একদিন ছিল জীবিকার ভরসা, সেই জলেই ঘটছে একের পর এক হাঁসের মৃত্যু, ভেসে উঠছে মরা মাছ। পেপার মিলের দূষিত জল পুকুরে মিশে যাওয়ার কারণেই এই বিপর্যয় বলে অভিযোগ কাঁকসার জাঠগড়িয়ার বাসিন্দাদের। ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকার আদিবাসী পাড়ায়।
স্থানীয়দের অভিযোগ, পুকুরে হাঁস নামালেই সেগুলি মারা যাচ্ছে। মরে ভেসে উঠছে বহু মাছও। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি পুকুরের জল ব্যবহার নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। প্রকৃতির কোলে বেঁচে থাকার অবলম্বনটুকু এভাবে বিষিয়ে ওঠায় দুশ্চিন্তায় দিন কাটছে বাসিন্দাদের।
তাদের আরও অভিযোগ, বারবার পেপার মিল কর্তৃপক্ষ ও প্রশাসনকে বিষয়টি জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে দাবি তাঁদের।
এখন প্রশ্ন, আর কত হাঁসের প্রাণ গেলে, কত মাছের মৃত্যু হলে টনক নড়বে কর্তৃপক্ষের? যদিও দূষণের অভিযোগের সত্যতা এখনও পরীক্ষায় নিশ্চিত হয়নি। অবিলম্বে পুকুরের জল পরীক্ষা, দূষণের উৎস শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
Comments
Post a Comment