নিষিদ্ধ শব্দবাজিতে পুলিশের হানা, কড়া নজরদারিতে উখড়া-খান্দরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বিকট আওয়াজে আতঙ্ক ছড়ানোর আগেই নিষিদ্ধ শব্দবাজির কারবারে লাগাম টানতে অভিযানে নামল অন্ডাল থানার পুলিশ। শুক্রবার রাতে উখড়া বাজার, বাঁকোলা রোড, খান্দরা সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে কয়েকটি দোকানে গোপনে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির খবর আসে। সেই সূত্র ধরেই বিভিন্ন দোকানে হানা দেয় পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক প্রীতম পাল এবং উখড়া পুলিশ আউটপোস্টের আইসি তন্ময় দে।
অসহনীয় শব্দবাজির তীব্র আওয়াজে শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়। ক্ষতিগ্রস্ত হয় পরিবেশের ভারসাম্যও। তাই কয়েক মুহূর্তের উল্লাস যেন অন্যের দীর্ঘ যন্ত্রণার কারণ না হয়ে ওঠে, সেই সচেতনতা জরুরি।
পুলিশের এই অভিযান নিষিদ্ধ শব্দবাজির বেআইনি কারবার রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ শব্দবাজির বিক্রি বন্ধ করতে আগামী দিনেও ধারাবাহিক অভিযান চলবে।
তবে শুধু পুলিশি তল্লাশিই যথেষ্ট নয়। বেআইনি বিক্রি রুখতে ব্যবসায়ীদের দায়িত্বশীলতা, ক্রেতাদের সচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি।
Comments
Post a Comment