আসানসোলে ‘বলাকা’র প্রত্যাবর্তনের জল্পনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
একদিন যে চাকার ঘূর্ণনে শিল্পাঞ্চলের বুকজুড়ে ছড়িয়ে পড়েছিল কর্মসংস্থানের স্বপ্ন, দীর্ঘ ২৫ বছর ধরে সেই চাকা থমকে। তবু ইতিহাসের ধুলোয় চাপা পড়েনি সেই স্বপ্ন। ঐতিহ্যবাহী ‘আমাদার সেনর্যালি’ সাইকেল কারখানাকে ঘিরে এবার যেন ফের আশার আলো দেখা দিল শিল্পাঞ্চল আসানসোলে।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠে রাজ্যের ‘সারথি’ প্রকল্পের সাইকেল পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানে এসে এমনই সম্ভাবনার ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১৯৫২ সালে পথচলা শুরু করা ‘বলাকা’ ও ‘হ্যামার’ ব্র্যান্ডের একসময়ের বিশ্বখ্যাত এই কারখানা ২০০১ সালে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারখানার পরিকাঠামো এখনও অনেকটাই অটুট।
সম্প্রতি রাজ্যেই ‘সারথি’র সাইকেল তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা পাল বলেন, “সাইকেল এগিয়ে যাওয়ার একটি অস্ত্র। এই রাজ্যে সাইকেল তৈরি হলে, আসানসোলে নয় কেন?”
পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার পাশাপাশি নিজে সাইকেল চালিয়ে এবং তাদের সঙ্গে খাবার খেয়ে মন্ত্রী যেন বোঝাতে চাইলেন- সাইকেলের দুটি চাকা শুধু পথ পেরোয় না, কখনও কখনও তারা বন্ধ কারখানার দরজায়ও নতুন সম্ভাবনার কড়া নাড়ে। আর সেই সম্ভাবনাতেই শিল্পাঞ্চলের মানুষের মনে জেগেছে পুরনো দিনের চাকা ফের ঘোরার স্বপ্ন।
Comments
Post a Comment