সৃজনীর মঞ্চে নতুন স্বপ্নের সুর, সংগঠন বিস্তারে লোক জনশক্তির বার্তা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ মঙ্গলবার যেন হয়ে উঠেছিল নতুন রাজনৈতিক প্রত্যয়ের এক মিলনমঞ্চ। লোক জনশক্তি পার্টির গুরুত্বপূর্ণ সভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার স্পষ্ট ছাপ। দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু কর্মী ও সমর্থক সভায় যোগ দেন।
সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মসূচি এবং দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নেতৃত্বের দাবি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে মহিলা ও যুবসমাজের একটি বড় অংশ ক্রমশ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করা হয়।
সৃজনীর অডিটোরিয়ামে এদিন শুধু রাজনৈতিক আলোচনা নয়, ছিল আগামী দিনের স্বপ্ন বোনারও এক প্রয়াস। সংগঠনের সদস্যদের বক্তব্য, মানুষের সমস্যা ও দাবি-দাওয়াকে সামনে রেখে আরও সক্রিয় ভূমিকা পালন করবে লোক জনশক্তি পার্টি। তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনের ভিত্তি মজবুত করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
Comments
Post a Comment