পুজোর আগে পুকুরে বিষের ছায়া, ভেসে উঠল শত শত মাছ


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 


       পুজোর ঢাক এখনও পুরোপুরি বাজেনি। তার আগেই দুর্গাপুরের আকাশে যেন অন্য এক অশনি-সংকেত। নিউ টাউনশিপ থানার পোদ্দার পুকুরে বৃহস্পতিবার সকালে আচমকাই জলের বুক জুড়ে ভেসে উঠল শত শত মরা মাছ। ছড়িয়ে পড়ল তীব্র দুর্গন্ধ। মুহূর্তে আতঙ্ক ছড়াল এলাকায়- জলে কি বিষ মেশানো হয়েছে?

     স্থানীয়দের দাবি, বহু পুরনো এই জলাশয় শুধু পুকুর নয়, তাঁদের দৈনন্দিন জীবনের অংশ। সেই জলে মানুষ ব্যবহার করেন, পাশের জঙ্গল থেকে বন্যপ্রাণীরাও আসে জল খেতে। ফলে মাছের এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

         স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাসায়নিক বা বিষ মেশানো হয়ে থাকতে পারে। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। পরিবেশবিদদের একাংশের মতে, জলে অক্সিজেনের ঘাটতি কিংবা কোনও বর্জ্য মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে।

     খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। জলের নমুনা পরীক্ষা হলে হয়তো মিলবে মৃত্যুর আসল কারণ।

      ততক্ষণে পোদ্দার পুকুরের জলে ভাসছে একটাই প্রশ্ন- এ কি দূষণের মৃত্যু, নাকি কারও অন্ধকার ষড়যন্ত্র?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে