আসানসোল - নিঃসঙ্গ ঘরে থেমে গেল জীবন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

       নিঃসঙ্গ ঘর, চারপাশে নীরবতা। যে ঘরে দীর্ঘ দশ বছর ধরে একাই কেটেছে দিন-রাত, সেখানেই আচমকা থেমে গেল উষা মুদি নামে এক মহিলার জীবন। রূপনারায়ণপুরের আপার কেশিয়া এলাকায় হিন্দুস্তান কেবলসের একটি পরিত্যক্ত আবাসন থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

        স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক দশক ধরে ওই পরিত্যক্ত আবাসনেই একা থাকতেন উষা। দিনমজুরের কাজ করেই চলত তাঁর জীবন। প্রতিবেশীদের দাবি, তাঁকে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যেত। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

     শুক্রবার সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

      মৃত্যুর নেপথ্যে নিছক অসুস্থতা বা নেশাজনিত কারণ, নাকি রয়েছে অন্য কোনও রহস্য- তা নিয়ে এখনও ধোঁয়াশা। সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।

      পরিত্যক্ত ঘরের নিস্তব্ধতা আজ যেন একটাই প্রশ্ন রেখে গেল- একা বেঁচে থাকা সেই মানুষটির শেষ মুহূর্তগুলির সাক্ষী ছিল কে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে