উৎসবের আলোয় অন্ধকার, ফাঁকা বাড়িতে হানা চোরের, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রূপনারায়ণপুরে


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     উৎসবের আলোয় যখন ঘরে ঘরে আনন্দের আবহ, তখনই রূপনারায়ণপুরের এক বাড়িতে নেমে এল অন্ধকার। ষষ্ঠীর দিন গৃহকর্ত্রী মেয়ের বাড়িতে যাওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিল চোরেরা। আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা, কাঁসা-পিতলের বাসনপত্র এবং পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, বেড়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

    ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুরের রাঙ্গামাটির ১-নম্বর সুভাষপল্লীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহকর্ত্রী গায়ত্রী রায় ষষ্ঠীর দিন জামতাড়ায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। অষ্টমীর সন্ধ্যায় প্রতিবেশীদের ফোনে জানতে পারেন, তাঁর বাড়ির মূল দরজার তালা ভাঙা।

     খবর পেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুত বাড়িতে ফেরেন গায়ত্রী দেবী। ইতিমধ্যেই প্রতিবেশীরা খবর দেন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

      গৃহকর্ত্রীর প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার অলংকার, ৩০–৪০ হাজার টাকা নগদ এবং প্রায় ৩০ কেজি কাঁসা-পিতলের বাসন চুরি হয়েছে। ঠাকুরঘর থেকেও পিতলের লক্ষ্মীনারায়ণ মূর্তি, প্রদীপ, ত্রিশূল সহ একাধিক পুজোর সামগ্রী নিয়ে গিয়েছে চোরেরা।

      ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের মরসুমে এমন ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে