দুর্গাপুর - সপ্তমীর সকালে সড়কে ঝরে গেল তিন প্রাণ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      সপ্তমীর সকালের উৎসবের আবহে আচমকাই নেমে এল মৃত্যুর কালো ছায়া। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইকে থাকা তিনজনের। মৃতদের মধ্যে দুই বন্ধু সায়ন গোস্বামী ও তন্ময় ঘোষ এবং তাঁদের বান্ধবী কৃষ্ণা গাঙ্গুলী রয়েছেন বলে জানা গিয়েছে।

       পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় চলন্ত একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইকে থাকা তিনজনই ছিটকে পড়েন রাস্তায়।

     দুর্ঘটনার পর মুহূর্তেই জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

    সায়ন ও তন্ময়- দু’জনেরই বাড়ি আসানসোলের হিরাপুরে। কৃষ্ণার বাড়ি বাঁকুড়ায়। উৎসবের সকালে যে পথে আনন্দের যাত্রা শুরু হয়েছিল, সেই পথেই থেমে গেল তিনটি তরতাজা জীবন। সপ্তমীর আকাশে তাই এদিন উৎসবের রঙের পাশে যেন আরও গাঢ় হয়ে উঠল শোকের ছায়া।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে