উৎসবের আলোয় নিরাপত্তার প্রহরা, সালানপুরে পুলিশের দুর্গাপূজা নিরাপত্তা বৈঠক
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পুজোর ঢাকে যখন উৎসবের সুর, তখনই নিরাপত্তার বৃত্ত আরও শক্ত করছে সালানপুর থানার পুলিশ। দুর্গাপূজাকে কেন্দ্র করে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার ‘নান্দনিক’ সভাগৃহে অনুষ্ঠিত হল প্রশাসনিক সমন্বয় বৈঠক। বৈঠকে সালানপুর ব্লকের ৬৩টি পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন এসিপি (কুলটি) এস.কে. জাবেদ হোসেন, সালানপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকার, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার এবং কুলটি ট্রাফিক আধিকারিক বিশ্বজিৎ কুণ্ডু। বিদ্যুৎ দপ্তর, বন বিভাগ ও আরপিএফের আধিকারিকরাও বৈঠকে যোগ দেন।
উৎসবের আনন্দ যেন অসতর্কতার অন্ধকারে ম্লান না হয়, সেই বার্তাই ছিল বৈঠকের মূল সুর। সরকারি নির্দেশ মেনে মণ্ডপ ও শোভাযাত্রায় ডিজে এবং নিষিদ্ধ আতশবাজি ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি এবং প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার উপরও জোর দেওয়া হয়।
পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং যানজট নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়। প্রশাসনের স্পষ্ট বার্তা- উৎসব সবার, তাই দায়িত্বও সবার। নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোর উৎসব নিরাপদ থাকুক, আনন্দের ভিড়ে যেন অসাবধানতার ছায়া না নামে- এই সতর্কতাতেই এবার সালানপুরে পুজোর প্রস্তুতি।
Comments
Post a Comment