শৈশবের উঠোনে আতঙ্ক, নাবালিকাকে হেনস্তার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        যে বয়সে পৃথিবী চেনার কথা খেলনা আর রঙিন স্বপ্নে, সেই শৈশবেই নেমে এল আতঙ্কের ছায়া। দুর্গাপুরের এ-জোন ফাঁড়ি এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে আটকে রেখে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৭৪ বছরের এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ।

       অভিযোগ, একা পেয়ে নাবালিকাকে একটি জায়গায় আটকে রাখেন অভিযুক্ত শিবাজি সাউ। এরপর তাকে পোশাক খুলতে বাধ্য করা হয় এবং যৌন হেনস্তা করা হয় বলে পরিবারের অভিযোগ। ভয়ে নাবালিকা চিৎকার শুরু করলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা নাবালিকাকে উদ্ধার করেন। কান্নায় ভেঙে পড়া শিশুটি পরিবারের কাছে গোটা ঘটনা জানায় বলে জানা গিয়েছে।

      এরপরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে।

       ঠিক কী ঘটেছিল, কীভাবে নাবালিকাকে আটকে রাখা হয়েছিল এবং অভিযোগের নেপথ্যে আর কোনও বিষয় রয়েছে কি না- সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

     ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয়রা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।  প্রশ্ন উঠছে, পরিচিত পরিবেশের মধ্যেই যদি শিশুর নিরাপত্তা এমনভাবে বিপন্ন হয়, তবে তাদের নিরাপদ শৈশব নিশ্চিত হবে কীভাবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে