ভোরের সড়কে মৃত্যুর ধাক্কা, প্রাণ গেল যুবকের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

       ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। নিস্তব্ধ জাতীয় সড়ক হঠাৎ কেঁপে উঠল বিকট সংঘর্ষের শব্দে। কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারল একটি ছোট চার চাকা গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

         পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরগামী ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালি বোঝাই ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ট্রাক্টরটি টলি সহ রাস্তার উপর উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ। ট্রাক্টরের চালকও ছিটকে পড়ে গুরুতর জখম হন।

      বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহতদের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। বাকি চারজনের চিকিৎসা চলছে।

     দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত যান সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। 

      মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভোরের সেই সড়কে পড়ে রইল এক পরিবারের স্বপ্নভঙ্গের নিঃশব্দ সাক্ষ্য।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে