ওয়ান ওয়ের জটে নাকাল শহর, দ্বিগুণ টোটো ভাড়ায় ক্ষোভে ফুঁসছে হটন রোড


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      যানজট কমানোর উদ্যোগেই যেন নতুন করে দুর্ভোগের জালে জড়িয়ে পড়ছে আসানসোলের হটন রোড। ওয়ান ওয়ে চালু হওয়া এবং একাধিক রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞার জেরে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগের মধ্যেই এবার সামনে এল টোটো ভাড়া নিয়ে ক্ষোভ। 

     অভিযোগ, কয়েকদিন ধরে এক ধাক্কায় ভাড়া দ্বিগুণ করে দেওয়ায় নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিবাদ করলে চালকদের একাংশের অভব্য আচরণের অভিযোগও উঠছে।

      স্থানীয়দের অভিযোগ, হটন রোড মোড় থেকে রাসডাঙ্গা মোড়ে আসা এক মহিলা ১০ টাকা ভাড়া দিতে চাইলে টোটোচালক ২০ টাকা দাবি করেন। ভাড়া নিয়ে বচসার একপর্যায়ে চালক মহিলার সঙ্গে অভব্য আচরণ ও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ। এরপরই ক্ষোভে রাস্তায় নামেন এলাকার মহিলা-পুরুষ এবং ব্যবসায়ীরা। বন্ধ করে দেওয়া হয় টোটো চলাচল।

    খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছলে তাঁদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয়দের প্রশ্ন, কার নির্দেশে ওয়ান ওয়ে এবং টোটোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত? প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

      তবে শহরের যান-নিয়ন্ত্রণের সিদ্ধান্তই যদি জনদুর্ভোগ বাড়ায়, তবে সমাধানের পথ কোথায়- উঠছে সেই প্রশ্ন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে