পুরানহাটে উৎসবের আলো, শক্তিরূপার পুজোয় অগ্নিমিত্রার উদ্বোধন
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শারদোৎসবের রঙে তখন সেজে উঠেছে পুরানহাট। চারদিকে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে যেন উৎসবের হৃদস্পন্দন আরও স্পষ্ট। সেই আবহেই আসানসোল দক্ষিণ বিধানসভার পুরানহাটে শক্তিরূপা নারী শক্তি বাহিনীর উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফিতে কেটে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পরে প্রতিমা দর্শন করে মায়ের কাছে প্রার্থনাও জানান।
উদ্বোধনকে ঘিরে পুরানহাটে তৈরি হয় উৎসবের আবেশ। কয়েকশো মহিলা সহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মণ্ডপচত্বর। শঙ্খের ধ্বনি, উলুর আওয়াজ আর ঢাকের তালে মুহূর্তেই বদলে যায় চারপাশের চেনা ছবি। পুজো উদ্যোক্তা ও স্থানীয় মানুষের উচ্ছ্বাসে উৎসব যেন পেল আরও আপন রূপ।
দুর্গাপুজো শুধু দেবীর আরাধনা নয়, বাঙালির হৃদয়ে গাঁথা এক চিরন্তন মিলন-উৎসব। ধর্মের গণ্ডি পেরিয়ে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা বহন করে এই উৎসব। শক্তিরূপার এই আয়োজনও সেই মিলনের আবহে পুরানহাটবাসীর উৎসবের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে। পুজো উদ্যোক্তাদের তরফে সকলকে মণ্ডপে এসে দেবীদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।
Comments
Post a Comment