ফুল তুলতে বেরিয়ে ষষ্ঠীর সকালে পুকুরে ভাসল বৃদ্ধার দেহ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুর্গাপুজোর ষষ্ঠীর সকাল। চারদিকে যখন দেবী আরাধনার প্রস্তুতি, উৎসবের ব্যস্ততা আর ঢাকের অপেক্ষা, তখনই রানীগঞ্জের কুমারবাজারে নেমে এল বিষাদের ছায়া। সরকারি পুকুরের জলে ভেসে উঠল ৭৫ বছরের বৃদ্ধা মুক্তারানি মণ্ডলের নিথর দেহ।
মণ্ডলপাড়ার বাসিন্দা মুক্তারানি ভোরে ফুল তুলতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সকাল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে শুরু হয় উদ্বেগ। এরই মধ্যে সরকারি পুকুরে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে শনাক্ত করা হয় তাঁকে।
পরিবারের দাবি, সাধারণত ওই পুকুরের দিকে যেতেন না মুক্তারানি। ফলে কীভাবে তিনি সেখানে পৌঁছলেন, কীভাবেই বা মৃত্যু হল- উঠছে একাধিক প্রশ্ন। উৎসবের সকালে প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ষষ্ঠীর আনন্দের সকালে তাই কুমারবাজারে উৎসবের সুর থমকে গিয়েছে। ফুল তুলতে বেরিয়ে যে বৃদ্ধা আর ফিরলেন না, তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এখন উত্তর খুঁজছে পরিবার ও পাড়া।
Comments
Post a Comment