সম্প্রীতির আলোয় বিজয়ার বন্ধন, প্রশংসায় চিত্তরঞ্জন থানা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
উৎসবের আনন্দ যখন সম্প্রীতির সেতু গড়ে, তখনই সার্থক হয় মিলনের বার্তা। দুর্গাপুজোর দিনগুলি নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে প্রশংসা কুড়িয়েছে চিত্তরঞ্জন থানা। সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে বুধবার থানার উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য বিজয়া সম্মেলন।
উৎসবের রেশ মেখে এই মিলনমঞ্চ হয়ে উঠল পুলিশ, পুজো উদ্যোক্তা ও বিশিষ্টজনদের পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পরিচালনায় পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। চিত্তরঞ্জনের বিভিন্ন ক্ষেত্রে সফল কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা জানিয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
পাশাপাশি শহরের ১৪টি পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্তরঞ্জন থানার আইসি শেখ ইসমাইল আলি। তাঁর কথায়, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও সৌরভ কুমার, এসিপি (কুলটি) সোমনাথ সাহা এবং আরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ চক্রবর্তী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
নিম্নচাপের বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটালেও আনন্দে ভাটা পড়েনি। অতিথি ও ক্রীড়াবিদদের উত্তরীয় এবং গাছের চারা দিয়ে সম্মান জানানো হয়।
বিজয়ার এই মিলনবার্তা যেন মনে করিয়ে দিল- পুলিশ ও জনতার পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগই শান্তিপূর্ণ সমাজ গড়ার অন্যতম শক্তি।
Comments
Post a Comment