আসানসোল - গোবিন্দনগরের মোড়ে থমকে গেল অজানা অপরাধের চাবি!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
১৯ নং জাতীয় সড়কে পুলিশের ধাওয়া, দ্রুতগতির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোবিন্দনগরে। গাড়িতে থাকা তিন ব্যক্তির বিরুদ্ধে সাইবার অপরাধে জড়িত থাকার সন্দেহ উঠেছে। যদিও এই অভিযোগের আনুষ্ঠানিক সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
সূত্রের খবর, পুলিশের ধাওয়া এড়িয়ে পালানোর চেষ্টা করছিল গাড়িটি। সেই সময় গোবিন্দনগরের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা দু’জন পালিয়ে যায় বলে অভিযোগ। অপর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘটনার আকস্মিকতায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে এই ধাওয়ার নেপথ্যে ঠিক কী ঘটনা, গাড়িতে থাকা ব্যক্তিদের সঙ্গে সাইবার অপরাধের কোনও যোগসূত্র রয়েছে কি না- তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই সামনে আসতে পারে ঘটনার প্রকৃত চিত্র।
দ্রুতগতির গাড়ির এই ঘটনায় জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন নজর পুলিশের তদন্তে- ধাওয়ার আড়ালে কোন রহস্য, আর কারা জড়িত এই ঘটনায়?
Comments
Post a Comment