দুর্গাপুর: সফলভাবে সম্পন্ন হলো ‘আন্তরিক শারদীয়া উৎসব ২০২৬’
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শরতের আকাশ জুড়ে তখন পেঁতুলা মেঘের মেলা, বাতাসে ভেসে বেড়াচ্ছে শিউলির সুবাস। এই মনোরম আবহেই দুর্গাপুরের অরভিল পার্ক দুর্গামন্দিরের আপনজন মিলনায়তনে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ‘আন্তরিক শারদীয়া উৎসব ২০২৬’। আনন্দ, সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অপূর্ব চাবিকাঠিতে বাঁধা পড়েছিল এই মনোজ্ঞ আয়োজন।
উৎসবের শুভ সূচনা হয়েছিল দেবব্রত মুখার্জীর সুমধুর কণ্ঠে ভক্তিময় চণ্ডীপাঠের মধ্য দিয়ে, যা পুরো অনুষ্ঠান প্রাঙ্গণকে এক ঐশ্বরিক শান্তিতে ভরিয়ে দিয়েছিল। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন ৮৬ বছর বয়সেও তারুণ্যের দীপ্তিতে উজ্জ্বল দুর্গাপুরের বরেণ্য কবি কৃষ্ণ দেব।
দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় পঞ্চাশ জন গুণী কবি, সাহিত্যিক ও শিল্পীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মিলনমেলা। প্রত্যেকেই নিজ প্রতিভার আলোয় অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। আয়োজক পাঁচুগোপাল ব্যানার্জী ও অশোক সৌ মণ্ডলের আন্তরিক অভ্যর্থনা এবং জয়ন্তী সাহা, জয়া মোদক ও প্রিয়াঙ্কা মন্ডলের নিবেদিতপ্রাণ সহযোগিতায় অনুষ্ঠানটি পূর্ণতা পায়।
পত্রিকার সম্পাদক অন্তরা সিংহরায়ের দূরদর্শী উদ্যোগ ও নিখুঁত ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক সমাগম এক অবিস্মরণীয় পারিবারিক রূপ নেয়।
উপস্থিত বরেণ্য অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানোর মুহূর্তটি আবেগঘন হয়ে ওঠে।
কবি-সাহিত্যিকদের এই প্রাণের মেলা শুধু উৎসব নয়, বরং সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক জীবন্ত স্মৃতির মণিকোঠায় স্থান করে নিল।
Comments
Post a Comment