আসানসোল - মাদকের অন্ধকারে পুলিশের বজ্রাঘাত, জালে দুই


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      মাদকের অন্ধকার সাম্রাজ্য আর অপরাধের গোপন জাল- দু’য়ের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও আসানসোল উত্তর থানার যৌথ অভিযানে গ্রেফতার হল দুই ব্যক্তি। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র, গুলি, সোনা-রুপোর গয়না এবং নগদ টাকা।

     পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ৩০০ গ্রামের বেশি ব্রাউন সুগার, একটি ৯ মিমি ও একটি ৭ মিমি পিস্তল, একটি ছয়-চেম্বারের রিভলভার, ৪৬ রাউন্ড জীবন্ত গুলি ও দু’টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। পাশাপাশি মিলেছে প্রায় ১৬০ গ্রাম ওজনের সোনার গয়না, প্রায় ৩০০ গ্রাম রুপোর গয়না, নগদ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা এবং একটি মোটরবাইক।

     অন্ধকারের কারবারে এই বিপুল উদ্ধার যেন অপরাধচক্রের ভিতরে পৌঁছনোর আরও একটি দরজা খুলে দিল। মাদকের সঙ্গে অস্ত্রের এই যোগসূত্র ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

     আসানসোল উত্তর থানায় ৫১১/২৬ নম্বর মামলা রুজু হয়েছে NDPS Act ও Arms Act-এর প্রাসঙ্গিক ধারায়। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ-শৃঙ্খল এবং অন্য অপরাধচক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত চলছে।

    পুলিশের বার্তা স্পষ্ট- মাদকের বিষ ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে অভিযান থামবে না।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে