সইয়ের অঙ্গীকারে নিরাপদ পথ, পুজোর আনন্দে আসানসোল-দুর্গাপুর-এ সচেতনতার বার্তা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পুজোর আলোয় শহর যখন উৎসবের রঙে রঙিন, তখন সেই আলোর পথ যেন দুর্ঘটনার অন্ধকারে হারিয়ে না যায়- এই সচেতনতার বার্তাই উঠে এল আসানসোল-দুর্গাপুর পুলিশের উদ্যোগে। দুর্গাপূজার আবহে গ্যালাক্সি মলে শুরু হল ‘ট্র্যাফিক সেফটি সিগনেচার ক্যাম্পেইন’। লক্ষ্য একটাই- নিয়ম মেনে চলার অভ্যাসকে ব্যক্তিগত অঙ্গীকারে পরিণত করা।
এই প্রচারাভিযানে নাগরিকদের ট্র্যাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং নিরাপদ সড়ক ব্যবস্থার প্রসারে নিজেদের ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। শুধু পুলিশের নজরদারি নয়, পথের নিরাপত্তা যে প্রত্যেক মানুষের সচেতন সিদ্ধান্তের উপরও নির্ভরশীল- সেই কথাই মনে করিয়ে দিয়েছে এই উদ্যোগ।
অভিযানের সূচনায় পুলিশ কমিশনার নিজে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে নাগরিকদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি বিশেষভাবে তৈরি ‘রোড সেফটি সেলফি পয়েন্ট’ দর্শনার্থীদের উৎসাহিত করছে নিরাপত্তার বার্তা নিজেদের মধ্যেই ছড়িয়ে দিতে।
Comments
Post a Comment