নো-এন্ট্রির পথে মৃত্যুর ছায়া, ডাম্পারের চাকায় জখম বাইক আরোহী


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

         সকাল তখন ব্যস্ততার। স্কুলমুখী পড়ুয়া, অফিসগামী মানুষ আর ছুটে চলা যানবাহনে সরগরম সেনরেল রোড। তারই মাঝে নো-এন্ট্রির নিয়ম ভেঙে ছুটে চলা এক ডাম্পারের চাকায় রক্তাক্ত হলেন মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আসানসোলের সেনরেল রোডের কুমারপুর মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। জখম ব্যক্তির নাম বিদ্যুৎ কর। তিনি কল্যাণপুরের বাসিন্দা।

      স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে কল্যাণপুরের দিক থেকে অফিসে যাচ্ছিলেন বিদ্যুৎবাবু। কুমারপুর মোড়ের কাছে দ্রুতগতির একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ডাম্পারের সামনের চাকার নিচে আটকে যান তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, তিনি মোটামুটি ভাল আছেন। 

       দুর্ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও আহতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, নো-এন্ট্রির সময়েও পুলিশের নজর এড়িয়ে প্রতিদিন ভারী ডাম্পার চলাচল করছে। সেই প্রতিবাদেই সেনরেল রোড অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু হয়। থমকে যায় যান চলাচল।

     খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ ওঠে। 

        তবে স্থানীয়দের প্রশ্ন- নিয়মের রাস্তায় যদি ডাম্পারের চাকা এভাবেই ছুটে চলে, তবে নিরাপদ থাকবে কার জীবন?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়