বিপদের ঘণ্টায় এবার ‘১১২’, আপৎকালীন পরিষেবায় নতুন পদক্ষেপ


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

    শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রাজ্য পুলিশের নতুন  আপৎকালীন পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপদে পড়া মানুষের কাছে দ্রুত পৌঁছনো এবং পুলিশের তৎপরতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

     এত দিন রাজ্যে জরুরি সাহায্যের জন্য ‘১০০’ নম্বর চালু থাকলেও, সেই পরিষেবা কার্যত বিকল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নতুন ব্যবস্থায় রাজ্যের ৪৫০টি থানায় একটি করে বিশেষ গাড়ি ও মোটরসাইকেল দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় আরও তিনটি করে গাড়ি ও মোটরসাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি, প্রতি থানায় পাঁচ জন মহিলা পুলিশকর্মী-সহ ২০ জনের বিশেষ দল গড়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

       এ দিন রাজ্য পুলিশের দক্ষতার প্রশংসা করে শুভেন্দু জানান, সিবিআই, এনআইএ বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তুলনায় রাজ্য পুলিশের দক্ষতা কোনও অংশে কম নয়। মাদক কারবার, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক রং বা ধর্ম না দেখে পদক্ষেপের আশ্বাসও দেন তিনি।
পুলিশ নিয়োগের জট কাটিয়ে পুজোর আগেই ১১ হাজারের বেশি কনস্টেবল বাহিনীতে যোগ দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

      তবে নতুন নম্বর চালুর সাফল্য নির্ভর করবে শুধু ঘোষণায় নয়, বিপদের মুহূর্তে কত দ্রুত ফোনের উত্তর মেলে এবং সাহায্য পৌঁছয়, তার উপরেই। মানুষের নিরাপত্তায় প্রযুক্তির সঙ্গে চাই তৎপরতা, জবাবদিহি ও মানবিকতার মেলবন্ধন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে