মাঝরাতে মৃত্যুফাঁদ ২ নম্বর জাতীয় সড়কে, জোড়া দুর্ঘটনায় আতঙ্ক রাণীগঞ্জে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা, তার পরেই পিচ্ছিল রাস্তার বুকে উল্টে পড়ল কেমিক্যাল ট্যাঙ্কার। ঘড়িতে তখন রাত ১২টা ৪৫। গভীর ঘুমে আচ্ছন্ন শহর। সেই নিশুতির রাতেই ২ নম্বর জাতীয় সড়কে পরপর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাণীগঞ্জে।
প্রথম দুর্ঘটনাটি রাণীগঞ্জের রানীসায়ের মোড়ে। কলকাতা থেকে ধানবাদের দিকে যাওয়ার পথে একটি চলন্ত চারচাকা গাড়িতে আচমকা আগুন ধরে যায়। বিপদ বুঝে গাড়ির তিন যাত্রী কোনওরকমে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নাজমুল হুদার তৎপরতায় দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই।
এর পরেই চুনাভাটিতে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। হলদিয়া থেকে হিমাচল প্রদেশগামী কেমিক্যালবোঝাই একটি বিশাল ট্রেলার-ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্যাঙ্কার থেকে তৈলাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে জাতীয় সড়কের একাংশে। পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা বাড়তেই থমকে যায় যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট।
উদ্ধারে নামে দুটি বিশাল ক্রেন। পুলিশ ও দমকলের তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। মাঝরাতের এই জোড়া বিপর্যয়ে আতঙ্কিত চালক ও স্থানীয়রা।
Comments
Post a Comment