বারাবনি থানার বিজয়া সম্মিলনীতে মিলল সুর ও সৌহার্দ্য
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শারদোৎসবের আলো নিভে গেলেও সম্প্রীতির রং যে সহজে মুছে যায় না, তারই সুন্দর ছবি ধরা পড়ল বারাবনি থানার বিজয়া সম্মিলনীতে। উৎসবের আনন্দকে হৃদয়ে ধারণ করে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দিল এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
স্থানীয় একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জ্জীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। ছিলেন বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ইসিএলের সালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজার, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।
সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দুর্গাপুজো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ব্লকের বিভিন্ন পুজো কমিটিকে সম্মাননা জানায় পুলিশ।
দিব্যেন্দু মুখার্জ্জী পুজো পরিচালনায় কমিটিগুলি ও এলাকাবাসীর ভূমিকার প্রশংসা করেন।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল তাঁর কণ্ঠে দুটি জনপ্রিয় গান। দায়িত্বের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা শিল্পীসত্তার প্রকাশে করতালিতে মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। বিধায়ক অরিজিৎ রায় এই সুন্দর ও প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করেন।
সব মিলিয়ে, বারাবনি থানার এই উদ্যোগ বুঝিয়ে দিল- পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু আইনশৃঙ্খলার গণ্ডিতে আবদ্ধ নয়; বিশ্বাস, সহযোগিতা ও সংস্কৃতির বন্ধনেও তা হয়ে উঠতে পারে আরও মানবিক ও দৃঢ়।
Comments
Post a Comment