অমাবস্যার আঁধার হার মানল তারাপীঠে, মায়ের আলোয় ভাসল তন্ত্রক্ষেত্র


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 

        অমাবস্যার কালো আকাশ। চারপাশে যখন আঁধারের নীরবতা, তখন বীরভূমের তারাপীঠে যেন জ্বলে উঠেছে অন্য এক আলো। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে সিদ্ধপীঠ তারাপীঠ আজ পরিণত হয়েছে বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার মহামিলনক্ষেত্রে। সকাল থেকেই দূর-দূরান্তের পথ পেরিয়ে হাজার হাজার পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছেন মা তারার চরণে। মন্দির চত্বর থেকে চারপাশের পথ- সবখানেই যেন মানুষের ঢেউ।
      
      বুধবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল কৌশিকী অমাবস্যা মহাপুণ্যোৎসব। আর আজ সেই উৎসবের মূল তিথিতে ভক্তির আবেগ পেয়েছে আরও গভীর মাত্রা। মায়ের ভোগ দর্শন, পুজো-পার্বণ এবং অপরূপ সাজসজ্জাকে ঘিরে ভক্তদের চোখে-মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত তৃপ্তি। ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর ঘণ্টাধ্বনির আবেশে তারাপীঠ যেন মিশে গেছে এক অলৌকিক অনুভবে।

        লোকবিশ্বাস, কৌশিকী অমাবস্যার এই মহাপুণ্যক্ষণে মা তারার কাছে অন্তর থেকে প্রার্থনা করলে পূর্ণ হয় মনোবাসনা। সেই বিশ্বাসের টানেই কেউ এসেছেন বহু দূর থেকে, কেউ আবার ছুটে এসেছেন জীবনের দুঃখ-কষ্ট মায়ের চরণে সমর্পণ করতে।

 সসসউৎসবের আবহকে আরও বর্ণময় করে তুলেছে চন্দননগরের আলোকসজ্জা। রামপুরহাট স্টেশন থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যবস্থাও উৎসবে এনেছে নতুন মাত্রা।

     ভক্তদের নিরাপত্তায় রয়েছে পুলিশ-প্রশাসনের বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে আজ তারাপীঠে অমাবস্যার আঁধার ছাপিয়ে একটাই আলো- মা তারার প্রতি অগাধ বিশ্বাসের আলো।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়