বিএসএনএলে ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের আলোচনা সভা
রমেশ রায়: কলকাতা:-
ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর অধিভুক্ত ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়ন (বিটিইউ), বিএসএনএল-এর ওয়েস্ট বেঙ্গল সার্কেল ইউনিয়ন কমিটির উদ্যোগে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসএনএল কর্মীদের বিভিন্ন সমস্যা, সংগঠনের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিটিইউ, বিএসএনএল-এর কলকাতা ও ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মহাসচিব বৈদ্য দে, সদস্য উৎপল ঘোষ দস্তিদার, বিটিইউ বিএসএনএল-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরসি পাণ্ডে এবং সর্বভারতীয় সহ-সম্পাদক কিষাণ খানায়িয়া-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভা শেষে ইউনিয়নের প্রতিনিধিরা বিএসএনএল-এর সিজিএমের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। সেখানে কর্মীদের বিভিন্ন দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলি কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং দ্রুত সমাধানের জন্য আবেদন জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বৈদ্য দে বলেন, বিএমএস-অধিভুক্ত ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের কোনও কর্মী বা সদস্যকে অন্য কোনও ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বামপন্থী ও বামফ্রন্ট-সমর্থিত ইউনিয়নগুলির উদ্দেশে কড়া বার্তাও দেন।
অন্যদিকে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরসি পাণ্ডে বলেন, বিএসএনএল কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠন তাঁদের পাশে থাকবে। আগামী দিনে কর্মীদের স্বার্থে আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী ও বিস্তারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
ইউনিয়ন নেতৃত্বের দাবি, আগামী দিনে বিএসএনএলে ভারতীয় টেলিকম এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক বিস্তার আরও বাড়বে।
Comments
Post a Comment