বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে আকাশছোঁয়া বৃদ্ধি: সাধারণের পকেটে টান পড়ার আশঙ্কা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
মাসের শুরুতেই ব্যবসায়িক মহলে বড় ধাক্কা। শুক্রবার থেকে দেশে বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দামে রেকর্ড পরিমাণ বৃদ্ধি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ৫ কেজির ছোট বা ‘মিনি’ সিলিন্ডারের দামও, যা আগের তুলনায় ২৬১ টাকা মহার্ঘ হয়েছে।
মূল্যবৃদ্ধির পর দেশের প্রধান শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে আকাশচুম্বী। দিল্লিতে ১৯ কেজির একটি সিলিন্ডারের বর্তমান দাম ৩,০৭১.৫০ টাকা। মুম্বইতেও এই দাম প্রায় ৩,০২৪ টাকার কাছাকাছি। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম দিল্লিতে দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ টাকা। উল্লেখ্য, এটি টানা দ্বিতীয় মাস যেখানে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হলো, যা ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল, বেকারি এবং অন্যান্য ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু এই সমস্ত ক্ষেত্রে রান্নার জন্য বাণিজ্যিক এলপিজির ওপর নির্ভরতা বেশি, তাই উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাবে। ব্যবসায়ীদের মতে,
অতিরিক্ত খরচের বোঝা সামলাতে তারা খাবারের দাম বাড়াতে বাধ্য হতে পারেন।
এর ফলে সাধারণ মানুষের বাইরের খাবারের খরচে টান পড়বে।
তবে কিছুটা স্বস্তির খবর এই যে, ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। দেশের প্রায় ৩৩ কোটি গ্রাহক আগের দামেই রান্নার গ্যাস পাবেন। এছাড়া পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানির (ATF) দামও অপরিবর্তিত রাখা হয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে ভারসাম্য রক্ষা করতেই এই সিদ্ধান্ত। সরকারি হিসেব অনুযায়ী, মোট পেট্রোলিয়াম পণ্যের প্রায় ৮০ শতাংশের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে, যদিও বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানির দাম ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই দফায় বড় সিলিন্ডারের দাম প্রায় হাজার টাকা বেড়ে যাওয়ায় বাজারদর নিয়ন্ত্রণে রাখা এখন বড় চ্যালেঞ্জ।
Comments
Post a Comment