সম্পত্তির টানে স্বজনের সঙ্গে স্বজনের সংঘাত!

  সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:


      সম্পত্তির ভাগাভাগি কখনও কখনও রক্তের সম্পর্কেও টেনে দেয় বিরোধের কঠিন রেখা। আসানসোলে তেমনই এক সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে একই পরিবারের দুই পক্ষের মধ্যে। জবরদখলের চেষ্টা, চাপ সৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে শুরু করে নথি জালিয়াতির অভিযোগ- পরস্পরবিরোধী দাবিতে ক্রমশ জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। বিতর্কের কেন্দ্রে কয়েক কোটি টাকার সম্পত্তি, আর তার সঙ্গেই জড়িয়ে রয়েছে মালিকানা ও আইনি অধিকার নিয়ে দীর্ঘ প্রশ্ন।

     এক পক্ষের দাবি, পৈতৃক সূত্রে নয়, কাকার কাছ থেকে অর্থের বিনিময়ে সম্পত্তি কিনে যথাযথ রেজিস্ট্রি করা হয়েছে। অথচ সেই সম্পত্তি দখলের চেষ্টা চলছে। পাঁচটি গাড়ি ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি এবং পরিবারের উপর চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে। অন্য পক্ষ অবশ্য দাবি করেছে, সম্পত্তিটি তাদেরই এবং উল্টে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।

     বিবাদের আরও গভীরে রয়েছে সম্পা সরকারের অভিযোগ। তাঁর দাবি, ১৯৫৫ সালে ঠাকুমা সম্পত্তি তাঁর বাবা ও কাকার নামে দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৫ সালের একটি নথির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, বাবা ২০১২ সালে প্রয়াত হলেও কথিত নথিতে ২০১৬ সালে তাঁর পক্ষ থেকে সম্পত্তি হস্তান্তরের উল্লেখ রয়েছে। নথি জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশি তদন্তে সংশ্লিষ্ট ধারা প্রয়োগ হয়নি বলেও অভিযোগ তাঁর।
সম্পত্তি থেকে মাসিক এক লক্ষ টাকার বেশি ভাড়া এবং নিজের প্রাপ্য অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিচার ও তদন্তের অগ্রগতির দাবিতে ধরনায় বসার কথাও জানিয়েছেন।

     তবে অভিযোগের বিপরীতে রয়েছে পাল্টা দাবি। সম্পত্তির প্রকৃত মালিকানা, নথির সত্যতা ও আইনি অধিকার- সবই এখনও নিষ্পত্তির অপেক্ষায়। আদালতের নথি, পুলিশি তদন্ত এবং ভূমি রেকর্ডের যাচাইয়েই স্পষ্ট হবে, এই বিবাদের অন্তরালে কার দাবি কতটা আইনসম্মত।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়