মাতৃসেবায় নতুন পরিসর, আসানসোল জেলা হাসপাতালে চালু ৫০ শয্যার গাইনি ওয়ার্ড


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

        মাতৃত্বের অপেক্ষায় থাকা প্রতিটি নারীর কাছে হাসপাতালের একটি বেড শুধু চিকিৎসার পরিসর নয়, নিরাপত্তা ও আশ্বাসের ঠিকানা। দীর্ঘদিনের বেড সংকটের সেই যন্ত্রণা লাঘব করতে আসানসোল জেলা হাসপাতালে রবিবার উদ্বোধন হল নতুন ৫০ শয্যার গাইনি ওয়ার্ড। চিকিৎসা পরিকাঠামোয় এই সংযোজন ঘিরে আশার আলো দেখছেন রোগী ও তাঁদের পরিজনরা।

     উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, হাসপাতালের সুপার, চিকিৎসক ও নার্সিং স্টাফরা।

       অগ্নিমিত্রা পাল জানান, দীর্ঘদিন জায়গার অভাবে পুরনো গাইনি ওয়ার্ডে একই বেডে দু’জন, এমনকি তিনজন রোগীকেও থাকতে হয়েছে। এতদিন সেখানে ১১৭টি বেড ছিল। নতুন ওয়ার্ডে নর্মাল ডেলিভারির পর মা এবং বিভিন্ন গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের রাখা হবে।

         তিনি বলেন, সরকারি হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করে বেসরকারি হাসপাতালের সমতুল্য করে তোলার চেষ্টা চলছে। পরিচ্ছন্নতার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

     হাসপাতালে ইতিমধ্যেই চালু হয়েছে ট্রমা সেন্টার ও ক্যান্সার সেন্টার। ক্যান্সার বিভাগে রয়েছে পাঁচটি বেড। অগ্নিমিত্রা জানান, খুব শীঘ্রই চালু হবে বার্ণ সেন্টারও।

       হাসপাতালের সমস্যা ও পরিকাঠামোগত প্রয়োজন নিয়ে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। নতুন ওয়ার্ডের দরজা খুলে যেন আরও একটু স্বস্তির নিঃশ্বাস পেলেন চিকিৎসার অপেক্ষায় থাকা মানুষ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়